রাজবাড়ীঃ জেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যার দায়ে জামাল পত্তনদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন।
মৃত সাইফুল ইসলাম রিপন মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ছেলে। তিনি ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানী শাখার আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
দণ্ডপ্রাপ্ত জামাল পত্তনদার একই ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্লা পাড়ার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রিপন ঢাকা থেকে নিজ বাড়ি দৌলতদিয়া আসেন। ওই দিন দিবাগত রাত তিনটার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা খলিল মন্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ সাক্ষ্য, প্রমাণ কাগজপত্র পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজবাড়ী আদালতের পিপি অ্যাড. উজীর আলী বলেন, রিপন হত্যাকাণ্ডের মামলায় ১১ জন আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের খালাস দিয়েছেন আদালতের বিচারক। আদালত যে রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। তবে যেহেতু ১০ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে, এতে বাদীপক্ষ সন্তুষ্ট না হলে, তারা উচ্চ আদালতে আপিল করতে পারেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
