বঙ্গবাজার: আগুনে পুড়ছে ঈদের স্বপ্ন

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ করোনার কারণে গত কয়েক বছর ঈদে ভালো ব্যবসা করতে পারেননি রাজধানীর বঙ্গবাজারের ব্যবসায়ীরা। আশা ছিল গত কয়েক বছরের লোকসান এবার পুষিয়ে নেওয়ার। কিন্তু বিধি বাম! মঙ্গলবার ভোরে মার্কেটে লাগা আগুন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেছে। দাউ দাউ আগুনে পুড়ছে ব্যবসায়ীদের ঈদের স্বপ্ন।

ব্যবসায়ীরা বলছেন, বঙ্গবাজারই দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট। ঈদকে কেন্দ্র করে রোজা শুরুর পর থেকেই ধীরে ধীরে জমে ওঠে এ মার্কেটের ব্যবসা। এ বছরও জমতে শুরু করেছিল বঙ্গবাজারের কেনাবেচা। কিন্তু হঠাৎ লাগা আগুন সব কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের।

ইমরান নামে এক ব্যবসায়ী জানান, শুধু তিনি নন তাদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে। ঈদ উপলক্ষ্যে তারা দোকানে নতুন মালামাল তুলেছেন। এজন্য কেউ-কেউ ধার-দেনাও করেছেন। কিন্তু আগুনের লেলিহান শিখায় পুড়ছে ঈদ কেন্দ্রিক তাদের এ স্বপ্ন।

ব্যবসায়ী ইমরান জানান, তার শ্বশুর আগুন লাগার খবর পেয়ে স্ট্রোক করেছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুধু ইমরান নন, তার মতো শত-শত ব্যবসায়ী শেষ সম্বল হারিয়ে কাঁদছেন।

সব হারিয়ে নিঃস্ব হওয়া ব্যবসায়ীদের একজন চাঁদপুরের মো. নজরুল ইসলাম। বঙ্গবাজার মার্কেটের দ্বিতীয় তলায় ‘এক্সোসরিজ ওয়ার্ল্ড’ নামে সাতটি দোকান ছিল এই ব্যবসায়ীর। কয়েক ঘণ্টার ব্যবধানে এখন সব শেষ হয়ে গেছে তার। তিনি বলেন, ‘আমার সাতটা দোকান ছিল মার্কেটে। আমি পাইকারি ও খুচরা বিক্রি করতাম। গতকাল (সোমবার) রাতেও ঈদ উপলক্ষ্যে ৮০ লাখ টাকার মতো মাল উঠিয়েছিলাম দোকানে। আমার তো সব শেষ। এখন পথে বসে গেলাম।’

তিনি বলেন, আজ সকালে নিউমার্কেটের এক ব্যবসায়ীর মাল নেওয়ার কথা ছিল আমার কাছ থেকে। ভোরে উনি ফোন দিয়ে জানান, ভাই আপনার দোকান তো আর নাই। এসে দেখি আগুন জ্বলছে। আমার দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

ঈদের সময় আমাদের বেচা-কেনার মূল মৌসুম। নিজের জমানো টাকা ও ব্যাংক থেকে লোন নিয়ে ঈদ উপলক্ষ্যে মাল উঠিয়েছিলাম। এখন আমি কোথায় যাব, কার কাছে যাব। আমার পরিবার ও বাচ্চাগুলোকে কি খাওয়াব। ব্যাংকের লোনইবা কীভাবে শোধ করব, বারবার মূর্ছা যেতে যেতে বলছিলেন এই ব্যবসায়ী।

ভয়াবহ এই ক্ষতি হয়তো কোনোভাবেই শোধ সম্ভব নয়, তবে সরকারের পক্ষ থেকে কিছুটা হলেও ক্ষতিপূরণ দেওয়ার দাবি এই ব্যবসায়ীর।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.