শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশে গবেষণা ও উচ্চশিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে চালু হয়েছে ই-লার্নিং প্ল্যাটফর্ম ইস্কুলঘর। ইস্কুলঘরের মূলমন্ত্র হলো গবেষণা, বিভিন্ন দক্ষতা বিকাশের সঙ্গে সংযুক্ত তথ্য পরিষেবা প্রদানের মাধ্যমে তরুণ গবেষকদের উৎসাহী করা এবং উচ্চশিক্ষার পথকে সহজ করে তোলা।
একদল তরুণ, উচ্চাকাঙ্ক্ষী, উচ্চশিক্ষায় অধ্যয়নরত বাংলাদেশি গবেষকদের অনুপ্রেরণায় ২০২৩ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছে এই প্ল্যাটফর্মটি।
ইস্কুলঘর এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন ছাত্র, ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান, আমেরিকায় ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক তন্ময় সরকার পিয়াস, ইউনিভার্সিটি অব ক্যানসাসে অধ্যয়নরত শিক্ষার্থী সুমন মজুমদার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক নাজমুল হাসান নাঈম।
দেশ ও দেশের বাইরের যেকোনো শিক্ষার্থী এই অনলাইনভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে গবেষণা এবং উচ্চশিক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চলমান সেবা নিতে পারেন। যেখানে দেশ ও দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশিক্ষক হিসেবে রয়েছেন।
ইস্কুলঘর এ চলমান সেবাগুলোর মধ্যে রয়েছে উচ্চশিক্ষা বিষয়ে মেন্টরিং-পরামর্শ, বিজ্ঞানবিষয়ক সেমিনার, অনলাইন কোর্স ও প্রশিক্ষণ, চাকরির দক্ষতা সনদ ও ওয়ান-টু-ওয়ান মেন্টরশিপ ইত্যাদি।
এরই মধ্যে ইস্কুলঘরের ওয়ান-টু-ওয়ান মেন্টরশিপ সেবার মাধ্যমে অনেক শিক্ষার্থী বিদেশে অধ্যয়নরত গবেষকদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। অনলাইন কোর্সগুলোর মধ্যে রয়েছে বায়ো-সিকোয়েন্স অ্যানালাইসিস, পাইথন, গবেষণায় পরিসংখ্যান, ডেটা সায়েন্স, গবেষণাপত্র লেখা, ইন-সিলিকো প্রোটিন ফাংশন অ্যানালাইসিস, মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট সহ আরও বিভিন্ন গবেষণাসহায়ক ও দক্ষতা উন্নয়নবিষয়ক কোর্স।
চলমান যেকোনো কোর্স এবং রেজিস্ট্রেশন বিষয়ে তথ্য পাওয়া যাবে ইস্কুলঘরের ওয়েবসাইট (www.iskulghar.com) এবং ফেসবুক পেজ (www.iskulghar.com https://www.facebook.com/iskulghar) এর মাধ্যমে।
ইস্কুলঘরের উদ্দশ্য ও যাত্রা নিয়ে প্রতিষ্ঠাতা সদস্য শাবিপ্রবির প্রাক্তন ছাত্র, ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও নবীন গবেষকদের জন্য গবেষণাসংশ্লিষ্ট দক্ষতা উন্নয়ন অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে পড়ে। সেই সঙ্গে বাংলাদেশে এসব দক্ষতা উন্নয়নের সুযোগও কম। এসব বিষয় মাথায় রেখে আমাদের দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে গবেষণাকে উৎসাহিত ও ব্যাপকভাবে ছড়িয়ে দিতেই ইস্কুলঘরের যাত্রা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
