গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখালেন হাটহাজারীর আয়মান

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৭ বছরের কিশোর আয়মান মুহাম্মদ এক মিনিটের মধ্যে মাটিতে না ফেলে একটি ফুটবলকে সর্বোচ্চ ২১২ বার পায়ের টাচের ওপর রেখে কসরত দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছেন। এর আগে ২০২২ সালের ১৭ মার্চ আয়মান এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে প্রথমবারের মতো গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখিয়েছিল।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আয়মান মুহাম্মদ স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেন। আয়মান উপজেলার মেখল ইউনিয়নের হাশিমারপুল এলাকার আমান শাহ্ বাড়ির প্রবাসী মো. মুসার ২য় সন্তান। বর্তমানে সে পরিবারসহ হাটহাজারী পৌরসদরের বসবাস করছে।

জানা যায়, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড বুক প্রতিযোগিতা সম্পর্কে জানার পর থেকে এ নিয়ে চর্চা শুরু করেন আয়মান। এ জন্য সে পরিবারের সদস্য ও বন্ধুদের উৎসাহ পেয়েছেন। চার ভাইবোনের মধ্যে আয়মান সবার ছোট। হাটহাজারী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র আয়মান ফুটবল নিয়ে নানান শারীরিক কসরতে বেশ ওস্তাদ। তার এমন সফলতায় এলাকাবাসীও মহা খুশি।

এদিকে আয়মান বলেন, ‘ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গিনেস বুকে পৃথিবীর বিভিন্ন রেকর্ড দেখে আমারও রেকর্ড গড়ার ইচ্ছা জাগে। সেই প্রচেষ্টা থেকে এক মিনিটের মধ্যে মাটিতে না ফেলে একটি ফুটবলকে সর্বোচ্চ ২১২ বার পায়ের টাচের উপর রাখা এবং ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৯৩ ও ১১৪ বার টাচ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক প্রতিযোগিতায় নাম লেখাতে সক্ষম হই। এর আগের ১ মিনিটের রেকর্ডটা ছিলো ইন্ডিয়ান ময়ূর মাকওয়ালের এবং ৩০ সেকেন্ডের একটি ছিলো ১০৭ বার বাংলাদেশের ঢাকার এবং অপরটি ইন্ডিয়ান কুমার টেন্ডির দখলে ৮৮ বার।’

সে আরো জানায়, ফুটবল নিয়ে কসরতের ১ মিনিটের ভিডিওটার জন্য গত ২০২২ এপ্রিল মাসের ২ তারিখ গিনেজ বুকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করলে তারা একই বছরের ২২ এপ্রিল আবেদনটি গ্রহণ করে ওই বিষয়ের ভিডিও পাঠাতে বললে ওই দিনই ভিডিওটা তাদের কাছে মেইলের মাধ্যমে পাঠায় এবং ২৫ জুলাই তারা ভিডিওটা ডিসকোয়ালিফাই বলে জানান। মন খারাপ হয়ে গেলেও চর্চা চালিয়ে যায়। পরে ওই বছরের ২৭ জুলাই পুনরায় আগেরটাসহ নতুন ৩০ সেকেন্ডের আরও একটি সহ মোট ২ টা ভিডিওর আবেদন করে। ১৭ অগাস্ট তারা আবেদন ২ টি গ্রহণ করে ভিডিও পাঠাতে বললে ১৭ অগাস্ট ৩০ সেকেন্ডের এবং ২২ অগাস্ট ১ মিনিটের ভিডিও পাঠায়। অপরদিকে, ৩০ সেকেন্ডের ফুটবল নিয়ে কসরতের আরেকটি ভিডিও জমা দেওয়ার জন্য গত বছরের ৩ অগাস্ট আবেদন করলে তা ২৫ অগাস্ট গ্রহন করে ভিডিও জমা করতে বলায় ওই দিনই তা ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেন। এবং কর্তৃপক্ষ গত বছরের নভেম্বর মাসের ১৭ তারিখ ও ৩০ নভেম্বর ইমেইলের মাধ্যমে পাঠানো ভিডিওগুলো মনোনিত করে রেকর্ডের ফলাফল জানিয়ে দেন।

আয়মান আরো জানান, ‘আমি এখন এই ক্যাটাগরিগুলোতে রেকর্ড হোল্ডার এবং সম্প্রতি গিনেস রেকর্ড’র স্বীকৃতিপত্রও বুঝে পেয়েছি।’

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ১৭ মার্চ আয়মান এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৩/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.