উচ্চ রক্তচাপের ওষুধ সকালে না খেয়ে রাতের বেলা গ্রহণ করলে অনেক বেশি উপকার পাওয়া যায় বলে সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে। ইউরোপিয়ান হার্ট জার্নালে এই গবেষণা প্রবন্ধটি প্রকাশিত হয়।
স্পেনের ভিগো ইউনিভার্সিটির অধীনে একদল গবেষক পরীক্ষা করে দেখতে পান, যারা রাতে ঘুমানোর আগে উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করে থাকেন তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি যারা সকালে ওষুধ গ্রহণ করে থাকেন তাদের তুলনায় অনেক কম।
গবেষকরা ১৯ হাজার উচ্চ রক্তচাপের রোগীদের ৫ বছর বা তারচেয়ে বেশি সময় ধরে পর্যবেক্ষণ করেন। রোগীদের দুটি ভাগে ভাগ করা হয়। তাদের মধ্যে একটি গ্রুপকে রাতে ঘুমানোর আগে উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করতে বলা হয়। অপর গ্রুপকে সকাল বেলা এই ওষুধ খাওয়ার নির্দেশ দেন গবেষকরা।
পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখতে পান, যারা রাতের বেলা উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ফলে মৃত্যুর ঝুঁকি প্রায় অর্ধেক কমে গিয়েছে।
বিশেষজ্ঞরা জানান, রাতের বেলা আমরা যখন ঘুমাই কিংবা বিশ্রাম করি তখন প্রাকৃতিকভাবেই রক্তচাপও কম থাকে। কিন্তু যদি তা না হয়ে ধারাবাহিকভাবে উচ্চ রক্তচাপ অব্যাহত থাকে তাহলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।
গবেষণায় দেখা গেছে, সন্ধ্যার দিকে উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করলে তা রাতের বেলা রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
গবেষণায় অংশ গ্রহণ করা যেসব রোগী রাতের বেলা উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রাত এবং দিনে উভয়ক্ষেত্রেই রক্তচাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। এমনকি যেসব রোগী সকালে উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করেছেন তাদের তুলনায় রাতে ওষুধ গ্রহণ করা রোগীদের রক্তচাপ অনেক কম ছিল।
ভিগো ইউনিভার্সিটির অধ্যাপক এবং প্রধান গবেষক র্যামন হারমিদা জানান, চিকিৎসকদের এই বিষয়টি খেয়াল রাখা উচিত। উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করার জন্য সময়ের এই ব্যাপারটি উল্লেখ করলে অনেক জীবন বাঁচানো সম্ভব হতে পারে।
তিনি উল্লেখ করেন, উচ্চ রক্তচাপের চিকিৎসা সংক্রান্ত বর্তমানের দিক নির্দেশিকাগুলোতে কোন নির্দিষ্ট সময়ের সুপারিশ করা হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকরা সকালে ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
তিনি বলেন, ‘এই গবেষণার ফলাফল হতে জানা যাচ্ছে, যেসব রোগী নিয়মিত রাতের বেলা উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করেন তাদের রক্তচাপ ভালোভাবেই নিয়ন্ত্রণে থাকে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মৃত্যুর ঝুঁকি কমে যাওয়া।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
