দুজনেরই বয়স ৭০ এর কাছাকাছি। একজন আরেকজনকে ঘুষি মারতে উদ্যত হলেন। নিজেকে রক্ষা করে পাল্টাঘুষি মারতে গেলেন অন্যজন। এবার সবাই অট্টহাসিতে ফেটে পড়লেন। মারামারিতে কে পটু এ নিয়ে আলোচনায় ব্যস্ত হলেন তারা।
সুনীল ব্রহ্ম আর লেলিম খানের মধ্যে এ খুনসুটি। তারা দুজনই ৫০ বছর আগে এসএসসি পাস করেছিলেন। ওই সময়টাকে স্মরণীয় করে রাখতে তাদের মতো আরো ২৫ জন একত্রিত হয়েছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারা নিজ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
আয়োজকদের অন্যতম ইকবাল আহমেদ খান ও তুলশী পাল জানান, স্বাধীনতা পরবর্তী সময় ১৯৭৩ সালে দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে যারা এসএসসি পাস করেন তাদের নিয়ে ‘এসো মিলি প্রাণের টানে’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২৫ জনের মতো অংশগ্রহণ করেন।
তারা আরো জানান, ওই সময়ে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৬ জন প্রয়াত হয়েছেন। ১১ জন শিক্ষকও প্রয়াত। দীর্ঘদিন পর সবাই একসঙ্গে হয়ে আপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণ করা হয় বিদ্যালয় জীবনের। সকাল থেকে দুপুর পর্যন্ত একসঙ্গে সময় কাটান ও খাওয়া দাওয়া করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া মো. হারুণুর রশিদ জানান, তিনি সাবেক সরকারি কর্মকর্তা। এতদিন পর স্কুল বন্ধুদের নিজ স্কুলেই একসঙ্গে পেয়ে বেশ ভালো লাগছে। পুরোনো অনেক কথা মনে পড়ছে। এসব বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
