ফেসবুকে ‘হাহা’ দেওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ফেসবুক পোস্টে ‘হাহা’ রিয়্যাক্ট দেওয়ায় রাজশাহী কলেজ শিক্ষার্থী তিহাস(২১) কে ছুরিকাঘাত করে তার এক সহপাঠীসহ দুর্বৃত্তরা। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় রাজশাহী কলেজ মাঠে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তিহাসকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে করা হয়েছে।

তিহাস রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার সহপাঠী তারেক হোসেন সজিব জানান, তিহাস ক্লাস শেষ করে রাজশাহী কলেজ মাঠে অবস্থান করেছিল। এসময় আকষ্মিকভাবে কিছু যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এভাবে দিনে-দুপুরে কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাত করায় অন্যান্য শিক্ষার্থীরাও তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তিহাসকে তার সহপাঠী কিবরিয়া ছুরিকাঘাত করেছে। সেও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনাস্থলে কিবরিয়ার সাথে বহিরাগত আরেকজন ছিল বলে জানা গেছে। কলেজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুই বন্ধুর মধ্যে ফেসবুক পোস্টে হাহা রিয়েক্ট দেয়া বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বিষয় আইনগত প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.