এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন বেশি জরুরি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশি মনোযোগ দেওয়ার কারণ হচ্ছে, দেশে উচ্চশিক্ষার ৭০ শতাংশ এ বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। এ বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়ন হলে উচ্চশিক্ষায় ব্যাপক পরিবর্তন আসবে। এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন বেশি জরুরি। সেটি তারা অত্যন্ত পরিকল্পিতভাবে করছে।

গতকাল  গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মহাপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা ইতিমধ্যে মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। এটি বর্তমান সময়ের চাহিদার আলোকে প্রণয়ন করা হয়েছে। এর ফলে উচ্চশিক্ষায় ব্যাপক পরিবর্তন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, শিক্ষাবিষয়ক মহাপরিকল্পনা জরুরি। তবে এটি হতে হবে বাস্তবতার নিরিখে, যেন বিষয়গুলো সহজে বাস্তবায়ন করা যায়। তিনি বলেন ‘কাগজে কলমে আমরা সুন্দর পরিকল্পনা করতে পারি, কিন্তু বাস্তবায়নটা অনেক বড় চ্যালেঞ্জ।’

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান বলেন, শিক্ষার্থীদের আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় যা যা করা দরকার তার সবটুকু করবে এ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের জন্য ১২টি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স এবং ১৯টি কর্মমুখী স্বল্পমেয়াদি কোর্স প্রবর্তন করতে যাচ্ছেন তাঁরা। ফলে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন শুরু হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মমিন চৌধুরী, অধ্যাপক হারুন-অর-রশিদ, অধ্যাপক মোফাখ্খারুল ইসলাম, অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, এফবিসিসিআইয়ের প্রতিনিধি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.