শিক্ষাবার্তা ডেস্কঃ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আজ থেকে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। তবে এ বছর অর্থাৎ ২০২৩ সালের জন্য নারীদেরকে এ ভর্তি পরীক্ষায় শামিল না করার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি পাঠিয়েছে তালেবান সরকার। শনিবার দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এ চিঠি পাঠায়। খবর ডেইলি সাবাহর।
গত মাসে প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে আফগান নারীদের পড়াশোনা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। এ বিষয়ে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তরুণ-তরুণীদের অবাধ চলাফেরা রুখতে ও বিশ্ববিদ্যালয়ে অনৈসলামিক পড়াশোনা বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী নিদা মোহাম্মদ নাদিম এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংস্কারের কাজ চলছে। শীঘ্রই নারীদের বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনা হবে এবং তারা আবার পড়াশোনা করতে পারবে।
শনিবার দেশটির উচ্চশিক্ষা মন্ত্রীর মুখপাত্র জিয়াউল্লাহ হাশমি জানিয়েছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোকে একটি চিঠি পাঠিয়ে নারীদের ভর্তি পরীক্ষা নিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনত ব্যবস্থা নেয়া হবে।
আফগানিস্তানের ২৪টি প্রদেশে প্রায় ১৪০টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। যেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লাখ। এর মধ্যে প্রায় ৬০-৭০ হাজার রয়েছে নারী শিক্ষার্থী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৯/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
