শিক্ষাবার্তা ডেস্কঃ পরীক্ষার হলে মোবাইল ফোন পেলেই পরীক্ষার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে এর দায়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা ও মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলাসংক্রান্ত বিধান অনুযায়ী পরীক্ষার হলে মোবাইল ফোন নেওয়া যাবে না। তাই কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বহিষ্কার করতে হবে এবং এ অপরাধের জন্য তার সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে।
পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করে অসদুপায় অবলম্বন করলে তাকে বহিষ্কার করতে হবে এবং এমন অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী বছরে পরীক্ষা থেকে বিরত রাখা হবে। উভয় ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ রেখে ব্যবহৃত মোবাইল ফোনটি সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ফেরত দিতে হবে। নকলের আলামত হিসেবে ফোনের ছবি, নকলের প্রিন্ট কপি এর সঙ্গে সংযুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থী হলে ফোন নিয়ে প্রবেশ করেছে বা ব্যবহার করেছে মর্মে লিখিত রেখে মোবাইল ফোন ফেরত দিতে হবে। পরীক্ষার হলে ব্যবহৃত মোবাইল ফোন কোনো অজুহাতে জমা নেওয়া যাবে না। এ বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৫/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
