নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উচ্চশিক্ষার উদ্দেশ্যে ছুটি নিয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। পুরো ছুটিতে নিয়েছেন বেতন-ভাতাসহ আর্থিক সুযোগ-সুবিধা। ছুটি শেষে কয়েক দফা চিঠি পাঠালেও ফেরেননি তাঁরা। অবশেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন এ ধরনের ছয় শিক্ষক ও তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে।
জানা যায়, কয়েক বছরের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যান বিশ্ববিদ্যালয়টির ছয় শিক্ষক। তাঁদের মধ্যে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈকত চৌধুরী ২০২০ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে শিক্ষা ছুটিতে যান। অসুস্থতার কারণ দেখিয়ে ২০২০ সালে ছুটিতে যান একই বিভাগের সহযোগী অধ্যাপক ঝর্না রানী সরকার।
২০১৮ সালে শিক্ষা ছুটিতে যান উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোহিদুল ইসলাম। ২০২১ সালে ছুটিতে যান কৃষি প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীনুর আলম। ২০১৭ সালে ছুটিতে যান কৃষি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার আশরাফুজ্জামান ও জৈব প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হালিম।
এ ছাড়া ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের কম্পিউটার প্রগ্রামার আতিয়া সুলতানা যুক্তরাষ্ট্রে, ২০২১ সালে রেজিস্ট্রার কার্যালয়ের সেকশন অফিসার তানজিনা ইসলাম অস্ট্রেলিয়ায় ও ২০২০ সালে খামার ব্যবস্থাপনা শাখার ডেপুটি রেজিস্ট্রার আবু সাঈদ মো. জোবায়ের কানাডায় যান ছুটি নিয়ে।
ছুটি শেষ হওয়ার পর তাঁদের নোটিশ পাঠানো হয়। কিন্তু বিভিন্ন অজুহাতে তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়েক দফা ছুটি বৃদ্ধি করেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি তাঁদের ফেরাতে কঠোর বার্তা পাঠায়। জবাবে সৈকত চৌধুরী, ঝর্না রানী সরকার, মো. তোহিদুল ইসলাম ও মো. শাহীনুর আলম চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
এ ছাড়া অধ্যাপক খন্দকার আশরাফুজ্জামান, সহযোগী অধ্যাপক মো. আব্দুল হালিম আবারও ছুটি বৃদ্ধির আবেদন করেন।
ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর কর্মস্থলে না ফেরাদের বিষয়ে করণীয় ঠিক করতে গঠিত কমিটির সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার সুমন কুমার দাস জানান, যাঁরা অব্যাহতি চেয়েছেন তাঁদের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা বিষয়ে হিসাব-নিকাশ চলছে। পাওনা আদায়ে প্রয়োজনে বিদেশি দূতাবাসকে অবহিত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, নতুন করে আর কারো ছুটি বৃদ্ধি করা হবে না। এ বিষয়ে কোনো ছাড় নয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

