নিজস্ব প্রতিবেদক।।
গত দুই দিনে সারা দেশে তাপমাত্রা কিছুটা স্বস্তি দিলেও ফের শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়াও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এদিকে পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়। এই সময় ছিন্নমূল মানুষের ভোগান্তি বাড়বে।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
