নিজস্ব প্রতিবেদক।।
কিশোরগঞ্জের হোসেনপুরে ৯ বছরের এক শিশু মাত্র ছয় মাসেই পবিত্র কুরআন শরীফ মুখস্থ করে পুরো এলাকায় চমক সৃষ্টি করেছে। শিশুটির নাম মো: আফফান মিয়া। সে উপজেলার দক্ষিণ শাহেদল গ্রামের মো: মাহতাব উদ্দিনের মেজো ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছর আফরান মিয়া উপজেলার ‘আল জামিয়াতুল কাদেরিয়া ও শাহেদল এতিমখানা মাদরাসায়’ আট বছর বয়সে নূরানি শাখায় ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তিন মাস সেখানে নাজেরা শাখায় হেফজ সবক নেয়। সবক নেয়ার পর থেকেই প্রতিদিন পাঁচ-ছয় পৃষ্ঠা করে কুরআন মুখস্ত করত। এরই ধারাবাহিকতায় মাত্র ছয় মাসই পুরো কুরআন শরীফ মুখস্ত করে সবাইকে তাক লাগিয়ে দেয় আফফান। ছেলের এ অভাবনীয় সাফল্যে গর্বিত আফফানের বাবা মাহতাব উদ্দিন স্বপন জানান, বড় ছেলেকেও কুরআনে হাফেজ বানাতে অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। কিন্তু মেজো ছেলে আফফান মাত্র ছয় মাসেই ও এত সহজে কুরআনে হাফেজ হয়ে যাবে তা কোনোদিন ভাবেনি। তাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও তার ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এ ব্যাপারে ওই মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম জানান, ছয় মাসে হাফেজ হওয়ার নজির খুবই কম। কেননা একজন পরিপূর্ণ হাফেজ হতে কমপক্ষে তিন থেকে চার বছর সময় লাগে। তবে কঠোর পরিশ্রম, মেধা ও দৃঢ়চেতা মনোভাবের কারণে আফফান মাত্র ছয় মাসই কুরআন শরিফ মুখস্থ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি তার মাদরাসার জন্যও গৌরবের। হাফেজ আফফান ভবিষ্যতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে গৌরব অর্জন করতে চায়। এ জন্য সে দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
