এইমাত্র পাওয়া

করোনাকালে স্কুলে ভর্তি ফরমের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১৫ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষার্থীরা ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবে। এরপর ৩০ ডিসেম্বর অনলাইনে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে এবং ওই দিন বিকেলে ফল প্রকাশিত হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে ভর্তি সংক্রান্ত এক নীতিমালায় এ অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে মাউশি’র উপপরিচালক এনামুল হক। তিনি বলেন, ‘এতে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। ৪০ শতাংশ ক্যাচমেন্ট এরিয়ার পরিবর্তে ৫০ শতাংশ করা হয়েছে। ভর্তি ফরমের মূল্য ১৭০ টাকার বদলে ১১০ টাকা করা হয়েছে। অনলাইন আবেদন আগামী ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। ৩০ ডিসেম্বর সব স্কুলে একদিনে লটারি আয়োজন করা হবে।’

মাউশি’র উপপরিচালক বলেন, ‘আগের মতো আর স্কুলে বড় আয়োজনের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হবে না। একটি সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। টেলিটকের সহায়তায় এটি পরিচালিত হবে।’

জানা গেছে, ঢাকা মহানগরীতে ৩৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি শাখা রয়েছে। ঢাকার এই বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আসন আছে সাড়ে ১১ হাজারের মতো। এর সঙ্গে জাতীয়করণ হওয়া আরো দুটি বিদ্যালয়ও যুক্ত হচ্ছে।

এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা ভাগ (এ, বি এবং সি) করে ভর্তি কার্যক্রম চলবে। এবার একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে। এত দিন একজন ভর্তিচ্ছুক শিক্ষার্থী একটি গুচ্ছের একটি বিদ্যালয়কে বেছে নিতে পারতো।

টেলিটকের মাধ্যমে ঢাকা মহানগরীর সবক’টি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনেই লটারির কাজটি হবে, ফলে সময় কম লাগবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.