এইমাত্র পাওয়া

করোনা : চাকরি হারিয়ে ফিরেছেন আড়াই লাখ প্রবাসী

নিউজ ডেস্ক।।

করোনা মহামারীতে বিদেশ চাকরি হারিয়ে হাজার হাজার প্রবাসীকর্মী দেশে ফেরত এসেছে। ফেরার এই সংখ্যা প্রতি মাসেই বৃদ্ধি পাচ্ছে। শুধু অক্টোবর মাসেই ৮০ হাজার ৭৮২ জন কর্মী ফেরত এসেছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক কর্মী ফেরত এসেছেন সৌদি আরব থেকে।

এর আগে সেপ্টেম্বরে ৭০ হাজার ৫৯৬ জন ফেরত এসেছিলেন। আর গত ১ এপ্রিল থেকে সাত মাসে ২ লাখ ৪৫ হাজার ৭৯০ জন দেশে ফেরত আসেন। এর মধ্যে ২৭ হাজার ৮২৭ জন নারী কর্মী। ১ নভেম্বর, রবিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনের তথ্য মতে, সৌদি আরব থেকে সবচেয়ে বেশি কর্মী দেশে ফেরত এসেছে। ১ এপ্রিল থেকে দেশটি থেকে ৬৮ হাজার ৬৪৭ জন ফেরত এসেছেন। এর মধ্যে অক্টোবর মাসে ফিরেছেন প্রায় ২০ হাজার। আর সংযুক্ত আরব আমিরাত থেকে সাত মাসে ৬৪ হাজার ২৮ জন কর্মী ফেরত এসেছেন। এছাড়াও অক্টোবরে দেশটি থেকে ২০ হাজার কর্মী ফেরত আসেন।

আরো জানা গেছে, ২ লাখ ১০ হাজার ৯১ জন কর্মী পাসপোর্ট নিয়ে ফিরেছেন। তাদের অধিকাংশই চাকরি না থাকার কারণে দেশে ফেরত এসেছেন। এর মধ্যে ৩৫ হাজার ৬৯৯ জন ফিরেছেন আউট পাস নিয়ে। তারা বিদেশে চাকরি করতে গিয়ে ভিসার মেয়াদ শেষে অবৈধ কর্মী হয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকশ কর্মী কারাভোগ শেষে দেশে ফিরেছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, গত মাসে মালয়েশিয়া থেকে চার হাজার তিনজন কর্মী দেশে ফেরত এসেছেন। দেশটি থেকে মোট ১১ হাজার ৫৭১ জন ফেরত এসেছেন। লেবানন থেকে অক্টোবর মাসে ফেরত এসেছেন এক হাজার ৬৮ জন। এছাড়াও বৈরুত বিস্ফোরণের পর দেশটি থেকে মোট ছয় হাজার ৮৬৯ জন কর্মী ফেরত এসেছেন। কাজ হারানোর কারণে এসব কর্মীরা দেশে চলে আসছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.