এইমাত্র পাওয়া

ধামরাইয়ে সাংবাদিক হত্যা: যুবলীগ নেতা বহিষ্কার

ঢাকার ধামরাইয়ে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি জুলহাসকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোয়াজ্জেম হোসেন মানিকগঞ্জের বিষু ব্যাপারীর ছেলে ও মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ৩ সেপ্টেম্বর দুপুরে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয় বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি সাংবাদিক জুলহাস উদ্দিনকে। এ সময় শাহিন ও মোয়াজ্জেম নামে দুই হত্যাকারী আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

ঘটনার পরের দিন শুক্রবার নিহতের বোন রিনা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় শাহিন ও মোয়াজ্জেমসহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় আরও ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাকি আসামিরা হলেন- মানিকগঞ্জ জেলা সদরের বারাহিরচর গ্রামের ও নিহত জুলহাস উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী মো. শাহিন (৩৫), একই এলাকার আনিস (৩৪), ধামরাইয়ের চারিপারা গ্রামের আল মামুন (৩৮) ও আব্দুল মালেক (৪০)। বর্তমানে তারা চার দিনের রিমান্ডে রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.