ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ আগস্ট বিকাল ৪টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৭ আগস্ট রাত ১২টায়।
বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৪ সেপ্টেম্বর শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
সভায় ভর্তি পরীক্ষায় ৭৫ নম্বরের নৈব্যক্তিক এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নৈব্যক্তিক পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির মাধ্যমে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
