মাদরাসার বৃত্তি তালিকা ২৭ ফেব্রুয়ারি

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তালিকা আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করবে মাদরাসা শিক্ষা অধিদফতর। এবার সাড়ে ৩১ হাজার মাদরাসা শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ২২ হাজার ৫০০ এবং জুনিয়র দাখিল পরীক্ষার (জেডিসি) ফলের ভিত্তিতে ৯ হাজার শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হবে। ২০১৯ সালের ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ৭ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১৫ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। মেধাবৃত্তিপ্রাপ্ত সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ৩০০ টাকা করে দেয়া হবে। বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ২২৫ টাকা করে দেবে সরকার। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ১৫ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ২২৫ টাকা হারে বৃত্তি দেয়া হবে। আগামী তিন বছর এ বৃত্তির সুবিধা পাবে তারা।

এছাড়া ২০১৯ সালের জেডিসির ফলের ভিত্তিতে ৯ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। এদের মধ্যে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৬ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। মেধাবৃত্তিপ্রাপ্ত ৩ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ৪৫০ টাকা দেবে সরকার। বার্ষিক হারে পাবে ৫৬০ টাকা।

অপরদিকে জেডিসিতে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৬ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৩০০ টাকা করে দেয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের বছরে পাবে ৩৫০ টাকা। আগামী দুই বছর এ বৃত্তির সুবিধাভোগ করবে তারা।

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব খাতভুক্ত এ বৃত্তির টাকা চলতি অর্থবছরের বাজেটের বৃত্তি মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে জেডিসি ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করতে মাদরাসা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে বৃত্তির কোটা নির্ধারণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি এ সংক্রান্ত চিঠি মাদরাসা শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন অধিদফতরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.