শনিবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাজধানীর প্রত্যেকটি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কাল সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ধানমন্ডির ঢাকা সিটি কলেজে ভোট দেবেন।
এছাড়া উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইটি স্কুলে সকাল ১০টায় ভোট দিতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিজের ভোট প্রদান করবেন ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। সকাল ৯টার মধ্যে তার ভোট দেওয়ার কথা রয়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সকাল ৯টায় ভোট দেবেন মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ভোট দেবেন আতিকুল ইসলাম উত্তরা ৪ নম্বর সেক্টর নওয়াব হাবিবুল্লাহ স্কুলে।
উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ভোট দিবেন সকাল ৮টায় মানারত ইন্টারন্যশনাল স্কুলে।
জানা গেছে, দুই সিটি কর্পোরেশনে মোট দুই হাজার ৪৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে এক হাজার ৫৯৭টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে; যা মোট ভোটকেন্দ্রের ৬৪ দশমিক ৭০ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, এসব কেন্দ্রে ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। এছাড়া ভোটের নিরাপত্তায় আগের দিন থেকেই মাঠে নেমেছেন আইন-শৃঙ্খলাবাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য।
এদিকে, শুক্রবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের ৪৩ ধরনের সরঞ্জাম বিতরণ করছেন। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে দেখা গেছে। আটটি করে মোট ১৬টি ভেন্যু থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২ হাজার ৪৬৮টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রে এসব সরঞ্জাম নিয়ে যেতে দেখা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
