নিউজ ডেস্ক।।
বিনা মূল্যে এন্টারপ্রাইজ বেজড ট্রেনিং দেবে সরকার। যেখানে প্রশিক্ষণ, সেখানেই চাকরি—এই মন্ত্রে সরকার দেশের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বাইরে থাকা যুব জনগোষ্ঠীকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং কর্মজীবনে প্রবেশে সহায়তার জন্য এ প্রশিক্ষণ দেবে। অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেংদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট)-এর প্রকল্পের আওতায় এই এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচি শুরু হবে ১ এপ্রিল ২০২৬ থেকে। এর ফলে শিল্প-কারখানা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সমন্বয়ে দেশব্যাপী হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ পাবেন তরুণরা।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ৩৩টি ইন্ডাস্ট্রি পার্টনারের অধীনে প্রায় ৭০০ শিল্প-কারখানা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে মোট দুই লাখ ২২ হাজার ৫০০ জনকে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রায় ৫০ হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশ মর্যাদাপূর্ণ কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। শিল্প দক্ষতা পরিষদ, শিল্প সংগঠন ও চেম্বার অব কমার্সসহ সংশ্লিষ্ট শিল্প সহযোগীদের তত্ত্বাবধানে এবং শিল্প-কারখানার সরাসরি নেতৃত্বে এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণের সুবিধা
সম্পূর্ণ সরকারি খরচে এসব প্রশিক্ষণে সরাসরি কলকারখানা বা উৎপাদনমুখী কর্মপরিবেশে বিভিন্ন বিষয়ে হাতে-কলমে দক্ষতাভিত্তিক শিক্ষা প্রদান করা হয়।
১৮ থেকে ৪৫ বছর বয়সী শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বাইরে থাকা যে কেউ এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণার্থীদের জন্য আর্থিক সুবিধাও রাখা হয়েছে। সাধারণ প্রশিক্ষণার্থীরা প্রতি মাসে ১৫০০ টাকা প্রশিক্ষণ ভাতা পাবেন। নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য মাসিক ২০০০ টাকা ভাতা নির্ধারিত রয়েছে।
এ ছাড়া যাতায়াত ভাতা হিসেবে প্রতিদিন সর্বোচ্চ ১০০ টাকা, মাসে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে। নারী ও অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণে অংশ নিতে সবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের সরকারি সনদ প্রদান করা হবে।
প্রশিক্ষণের ধরন
এ প্রকল্পের আওতায় মোট ছয় ধরনের প্রশিক্ষণ চালু রয়েছে।
এর মধ্যে রয়েছে—
► ৩ দিনের ইএমটিপি সফট স্কিলস; শিল্প প্রতিষ্ঠানের মালিক, সিইও ও ব্যবস্থাপকদের জন্য।
► ১৪ দিনের এমএমটিপি সফট স্কিলস; শিল্প প্রতিষ্ঠানের মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য।
► ২১ দিনের এসইউটিপি টেকনিক্যাল স্কিলস; শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের দক্ষতা উন্নয়নের জন্য।
► ৩ মাসের এডিটিপি টেকনিক্যাল স্কিলস; এনইইটি যুবকদের জন্য, যেখানে অর্ধেক সময় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং অর্ধেক সময় শিল্প-কারখানায় শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ থাকবে।
► ৩ মাসের টিএসটিপি টেকনিক্যাল স্কিলস; শিল্প-কারখানায় প্রশিক্ষণ।
► ৬ মাসের আইএইচটিপি টেকনিক্যাল স্কিলস; শিল্প-কারখানাভিত্তিক প্রশিক্ষণ। একজন প্রশিক্ষণার্থী একই কোর্স বা অকুপেশনে উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবেন।
ক্লাস শুরু
এই প্রশিক্ষণ কর্মসূচির পরবর্তী ব্যাচের ক্লাস আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে।
বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রকল্পের ওয়েবসাইটে :
www.asset-dte.gov.bd
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
