নিজস্ব প্রতিবেদক।।
দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে একাডেমিক সুপারভিশন ও মনিটরিং কার্যক্রম জোরদার করতে নতুন পরিদর্শন নির্দেশিকা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে এখন থেকে প্রতিটি বিদ্যালয়ের মান বা ক্যাটাগরির ওপর ভিত্তি করে বছরে সর্বোচ্চ ১২ বার পর্যন্ত পরিদর্শন করার নিয়ম নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।
মাউশি প্রণীত সর্বশেষ আইসাস রিপোর্টের ভিত্তিতে মাধ্যমিক বিদ্যালয়গুলোকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, দুর্বল স্কুলগুলোর ক্ষেত্রে বেশি নজর দেওয়ার প্রয়োজন। এ অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির স্কুলে প্রতি তিন মাসে একবার (বছরে মোট ৪ বার) পরিদর্শন করতে হবে। ‘বি’ ক্যাটাগরির স্কুলে প্রতি দুই মাসে একবার (বছরে ৬ বার), ‘সি’ ক্যাটাগরিতে প্রতি ৪৫ দিনে বা দেড় মাসে একবার (বছরে ৮ বার) এবং ‘ডি/ই’ ও ‘ইউ’ বা অনির্ধারিত ক্যাটাগরির স্কুলে প্রতি মাসে অন্তত একবার (বছরে ১২ বার) পরিদর্শন করতে হবে।
নির্দেশিকায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের করণীয় ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি মধ্যে কর্মকর্তাদের সমন্বয়ে সমন্বয় সভা করতে হবে। এছাড়া স্কুল বণ্টনের পরিদর্শন পরিকল্পনা ২৮ জানুয়ারি পর্যন্ত ডিএমএস বা ডিজিটাল মনিটরিং সিস্টেম অ্যাপ/ড্যাশবোর্ডে ইনপুট দিতে হবে।
মাউশি জানিয়েছে, প্রতিটি জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রতি মাসে ন্যূনতম পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করতে হবে। যেসব প্রতিষ্ঠান এখনো আইসাস জরিপের আওতায় আসেনি, সেগুলোকে ‘ইউ’ বা অনির্ধারিত ক্যাটাগরিতে রেখে মাসে অন্তত একবার বা প্রয়োজন হলে একাধিকবার তদারকি করতে হবে।
পরিদর্শনের তথ্য ডিজিটাল মনিটরিং সিস্টেম অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং-এ পাঠাতে হবে। এর ফলে কেন্দ্রীয়ভাবে প্রতিটি স্কুলের একাডেমিক কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং-এর পরিচালক প্রফেসর কাজী মো. আবু কাইয়ুম স্বাক্ষরিত এই নির্দেশনার অনুলিপি দেশের সকল আঞ্চলিক পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
