ময়মনসিংহ প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সামিউল ইসলাম। দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দক্ষতা ও উদ্ভাবনী পাঠদানের মাধ্যমে তিনি এ গৌরবময় স্বীকৃতি অর্জন করেন।
সামিউল ইসলাম বর্তমানে তিনি ভালুকার আলিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সৃজনশীল পাঠদান, শিখনফলভিত্তিক মূল্যায়ন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
এ অর্জন প্রসঙ্গে তিনি বলেন,“আলহামদুলিল্লাহ। এ গৌরবময় স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই সম্মান আমার পেশাগত দায়িত্ববোধকে আরও দৃঢ় করেছে। শিক্ষার্থীদের জন্য আরও ভালো কিছু করার অনুপ্রেরণা হিসেবে এটি কাজ করবে।”
তিনি আরও বলেন, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা তাঁর ভবিষ্যৎ পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন ,“সামিউল ইসলাম একজন মেধাবী, পরিশ্রমী ও আদর্শ শিক্ষক। তাঁর এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের এবং অন্য শিক্ষকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিবছর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। ময়মনসিংহ জেলায় একই শিক্ষকের ৪র্থবারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়াকে শিক্ষা অঙ্গনে একটি বিরল ও প্রশংসনীয় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
