ঢাকাঃ ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ ঘিরে পুলিশ সদস্যদের ইতোমধ্যেই সতর্ক অবস্থানে দেখা গেছে। একইসঙ্গে ব্যারিকেডের সামনে দেখা গেছে সাঁজোয়া যান ও জলকামান।
এদিকে সরেজমিনে দেখা যায়, সাত কলেজের অসংখ্য শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন। মুহুর্মুহু স্লোগান ও দাবিতে উত্তাল হয়ে উঠছে ভবন প্রাঙ্গণ। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সচিবালয় অভিমুখের সড়কে ব্যারিকেড বসিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। আর ব্যারিকেডের পেছনেই অবস্থান নিতে দেখা গেছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামানের।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
এদিন সকাল ১১টা থেকেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও যোগ দিতে থাকেন।
চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
