নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মো. ইমরান আলীকে আহ্বায়ক এবং মামুন শাহরিয়ারকে সদস্য সচিব করে ‘৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরাম’ এর কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় রাজধানী ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ক্যাফেটেরিয়ায় ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি সশরীরে এবং জুম লিংকের মাধ্যমে অনলাইনে একযোগে অনুষ্ঠিত হয়। সভায় সশরীরে ৩১ জন এবং অনলাইনে ৩৭ জনসহ মোট ৬৮ জন সদস্য অংশ নেন।
আলোচনা ও মতামতের সংখ্যাগরিষ্ঠ ভোটের শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান সিদ্ধান্তগুলো হলো:
১. ফোরামের একটি এডহক/অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে। এর মেয়াদ আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠনের ব্যবস্থা করা হবে। জরুরি পরিস্থিতিতে এডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। এরপরও সমস্যা দেখা দিলে সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
২. এডহক কমিটির আহ্বায়ক পদে একমাত্র প্রস্তাবিত নাম জনাব মো. ইমরান আলী, সহকারী পরিচালক (মাউশি), সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তিনি আহ্বায়ক নির্বাচিত হন।
৩. সদস্য সচিব পদে তিনজনের নাম প্রস্তাব করা হলেও ব্যানবেইস-এর সহকারী পরিচালক জনাব মামুন শাহরিয়ার (রিগ্যান) সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করে নির্বাচিত হন।
৪. আহ্বায়ক এবং সদস্য সচিব দ্রুততম সময়ে এডহক/অন্তর্বর্তী কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করবেন।
৫. নতুন এডহক কমিটি গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এইচএম
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
