ঢাকাঃ ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ক্যাম্পাসে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার পরিকল্পনায় গভীর উদ্বেগ জানিয়েছেন প্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিক (এইচএসসি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের মতামত ও অংশগ্রহণ ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা ঢাকা কলেজের ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে শঙ্কা তৈরি করেছে।
রোববার (২২ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই উদ্বেগ প্রকাশ করেন। এর আগে, শনিবার (২১ সেপ্টেম্বর) তারা একটি প্রতিনিধি দল নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কারণে তৈরি হওয়া নানা আশঙ্কার বিষয়গুলো তুলে ধরেন।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজ ১৮৪ বছরের পুরনো একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি শুধু বাংলাদেশেই নয়, পুরো উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এমন একটি ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে বিশ্ববিদ্যালয় গঠনের আগে কলেজের ছাত্র ও শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল। কিন্তু কোনোরকম পরামর্শ ছাড়াই এমন উদ্যোগ নেওয়াকে তারা অযৌক্তিক ও একতরফা বলেই মনে করছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুটি প্রধান শঙ্কার কথা তুলে ধরেন। তার মধ্যে, ঢাকা কলেজের নাম ও অস্তিত্ব বিলুপ্তির আশঙ্কা: তারা আশঙ্কা করছেন, বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি ‘স্কুল অব সায়েন্স’ নামে কোনো বিভাগ চালু করা হয়, তাহলে ধীরে ধীরে ঢাকা কলেজের মূল পরিচিতি হারিয়ে যাবে। এমনকি ভবিষ্যতে কলেজ ভবনের মূল ফটক থেকে ‘ঢাকা কলেজ’ নামটি সরিয়ে দেওয়া হতে পারে বলেও তাদের আশঙ্কা।
টাইম-শেয়ারিং ভিত্তিক শ্রেণি ব্যবস্থা বাস্তবসম্মত নয়: শিক্ষার্থীরা বলেন, টাইম শেয়ারিং পদ্ধতিতে—যেখানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে উচ্চমাধ্যমিকের ক্লাস এবং বাকি সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, তা বাস্তবসম্মত নয়। এতে একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তাদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে এই পদ্ধতি উচ্চমাধ্যমিক শিক্ষাকে সরিয়ে দেওয়ার পথ তৈরি করবে।
শিক্ষার্থীরা দাবি করেন, এই পরিকল্পনা শুধু কলেজের অবকাঠামো ও সময় ব্যবস্থাপনাকে সংকটে ফেলবে না, বরং এতে ঢাকা কলেজের স্বকীয়তা, সংস্কৃতি ও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে।
তারা বলেন, আমরা জানতে পেরেছি অধ্যাদেশের খসড়া তৈরি হচ্ছে। এই খসড়া প্রকাশ করা হোক, এবং সেখানে আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া হোক।
শিক্ষার্থীরা ঢাকা কলেজের ঐতিহ্য, নাম ও স্বাধীন অস্তিত্ব রক্ষায় কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা প্রত্যাশা করেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যা দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ভবিষ্যতকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
