শিক্ষকদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ১৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজারদরে এর পরিমাণ ১ হাজার ৮০০ কোটি টাকা। এই অর্থ দিয়ে দেশব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চিত করা হবে।

রবিবার (০৩ আগস্ট) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ–সংক্রান্ত চুক্তি হয়। এতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইয়ুন জিয়ুন। এ সময় ইআরডি ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং টিচার্স ফর দ্য ফিউচার প্রোগ্রাম শীর্ষক কর্মসূচির আওতায় এই অর্থ খরচ হবে।

ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ থেকে ২০২৯ মেয়াদে বাস্তবায়িতব্য এই কর্মসূচির মোট অনুমোদিত ব্যয় ১৬ কোটি ৭৪ লাখ ডলার, যার মধ্যে এডিবি দেবে ১৫ কোটি ডলার। বাকি অর্থ বাংলাদেশ সরকার দেবে। এডিবির এই ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে। এর বার্ষিক সুদের হার ২ শতাংশ।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং বলেন, দেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অগ্রাধিকার অনুযায়ী এই কর্মসূচি পাঁচটি প্রধান প্রযুক্তি ক্লাস্টারের ওপর গুরুত্ব দিচ্ছে। সেগুলো হলো- মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সিভিল, এবং খাদ্য ও কৃষি। এটি বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির অগ্রাধিকারকে সহায়তা করবে, দারিদ্র্য ও সামাজিক বঞ্চনার অ-আয়ভিত্তিক দিকগুলো মোকাবিলা করবে এবং সরকারের সমন্বিত টিভিইটি উন্নয়ন কর্মপরিকল্পনা (আইটিডিএপি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে শোভন কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে।

টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) টিচার্স ফর দ্য ফিউচার প্রোগ্রামের জন্য ফলাফলভিত্তিক এই সহায়তা ঢাকার বাইরে, বিশেষত অনুন্নত এলাকায় আধুনিক শিক্ষক প্রশিক্ষণের সুযোগ বাড়াবে, উদীয়মান প্রযুক্তিতে শিক্ষকদের শিক্ষাদান ও প্রযুক্তিগত দক্ষতা উন্নত করবে এবং শিক্ষক উন্নয়ন, ব্যবস্থাপনা ও প্রতিবেদন প্রণালীর সক্ষমতা জোরদার করবে।

কর্মসূচি শেষে অন্তত ১০ হাজার নতুন ও বিদ্যমান টিভিইটি শিক্ষকদের দক্ষতা বাড়বে, যা ২ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া, সারাদেশে ধারাবাহিক পেশাগত উন্নয়নের একটি জাতীয় ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে বাংলাদেশের টিভিইটির মান ও প্রাসঙ্গিকতা দীর্ঘমেয়াদে বজায় থাকে।

এডিবি হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই প্রবৃদ্ধিকে সহায়তা প্রদানকারী একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক। সদস্য দেশ ও অংশীদারদের সঙ্গে একযোগে জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে এডিবি, যা উদ্ভাবনী আর্থিক উপকরণ ও কৌশলগত অংশীদারত্বকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়ন, মানসম্পন্ন অবকাঠামো নির্মাণ এবং আমাদের গ্রহের সুরক্ষা নিশ্চিত করে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি বর্তমানে ৬৯টি দেশের মালিকানাধীন, যার মধ্যে ৫০টি দেশ এই অঞ্চলের।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.