ঢাকাঃ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন। এ পরীক্ষায় ৬ ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। সেগুলোর মডেল জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (১৬ জুন) সকালে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা জরুরি স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় জানানো হয়, এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নন-প্রোগ্রামেবল ছয়টি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
সেগুলো হলো—এফএক্স-১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফএক্স-৯৯১ইএক্স ও এফএক্স-৯৯১এমএস। এছাড়া শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যালকুলেটরের মডেল যাচাই করে নিতে পারবেন। পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতে কেবল অনুমোদিত মডেল ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
