ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পুলিশ মোতায়নের অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) প্রতিষ্ঠানটির সচিব (উপসচিব) এ এম এম রিজওয়ানুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পরিচালিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর মৌখিক পরীক্ষা ২০২৪ খ্রিষ্টাব্দের ২৭ অক্টোবর হতে শুরু হয়ে চলতি বছরের ৩১ মে তারিখ সম্পন্ন হয়। উক্ত মৌখিক পরীক্ষার ফলাফল প্রসেসসহ চূড়ান্ত ফলাফল প্রকাশের কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে এনটিআরসিএ-এর সেবা প্রত্যাশী ও নিবন্ধন প্রত্যয়নপত্র অর্জনকারী প্রার্থীগণ বিভিন্ন সময়ে তাদের দাবি ও আনুষাঙ্গিক ইস্যু নিয়ে এনটিআরসিএ-এর কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন কর্মসূচি (মানববন্ধন, আন্দোলন) পালন করছেন। এতে এনটিআরসিএ-এর সার্বিক নিরাপত্তা এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বর্ণিত বিষয়টি ইতঃপূর্বে কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, ১ম-১২তম নিবন্ধন প্রত্যয়নপত্রধারী এবং ১৮তম নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ পরবর্তী সময়ে এনটিআরসিএ কার্যালয় ঘেরাও করবে। তাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পরিচালিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর মৌখিক পরীক্ষার ফলাফল প্রসেসসহ চূড়ান্ত ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে এনটিআরসিএ-এর কার্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জরুরিভিত্তিতে আগামী ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত (প্রতি কার্যদিবসে) এনটিআরসিএ কার্যালয়ে পুলিশ মোতায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি কমিশনারের কাছে পুনরায় অনুরোধ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
