এইমাত্র পাওয়া

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে সুপারিশের লক্ষ্যে সার্চ কমিটি করলো শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) ভাইস-চ্যান্সেলর নিয়োগ প্রদানের নিমিত্ত সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৯) মে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য জানা গেছে।

শিক্ষা উপদেষ্টাকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়েছ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), প্রফেসর ডঃ মোঃ সাইদুর রহমান, সদস্য, ইউজিসি, জনাব সালেহ হাসান নকীব, উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ফেরদৌস আজিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। 

সার্চ কমিটি প্রয়োজনে, বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

কমিটির কার্যপরিধি:
(১) ভাইস চ্যান্সেলর নিয়োগের নিমিত্ত যোগ্য ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা ;
(২) জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষাপূর্বক উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা এবং
(৩) বাছাইকৃত তিনজন ব্যক্তির মধ্যে হতে একজনকে মনোনয়নের নিমিত্ত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় অনুমোদন গ্রহণার্থে সরকারের নিকট সুপারিশ প্রেরণ করা।

উক্ত কমিটি ভাইস-চ্যান্সেলরের অনুরূপ প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে। এ প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.