এইমাত্র পাওয়া

ঢাবি শিক্ষার্থীকে শ্লী-ল-তা-হানির মামলায় সেই যুবকের জামিন

ঢাকাঃ রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব জামিনের এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান। অর্ণবের পক্ষে তার আইনজীবী আজমত হোসাইন জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

শাহবাগ থানার (নারী ও শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। আসামিপক্ষ জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে শ্লীলতাহানির অভিযোগ এনে ওই শিক্ষার্থী শাহবাগ থানায় মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ওই শিক্ষার্থী ৫ মার্চ দুপুর দেড়টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় যাদুঘরের সামনে থেকে বন্ধুর সঙ্গে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাচ্ছিলেন। রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ অর্ণব ওই শিক্ষার্থীর সামনে আসেন। ‘পর্দা করেনি’ কেন বলে তাকে প্রশ্ন করেন। ওড়না ঠিক নেই কেন প্রশ্ন করাসহ আরও কুরুচিপূর্ণ কথা বলে তাকে যৌননিপীড়ন করেন। ওই শিক্ষার্থী প্রক্টরকে মোবাইলে কল দিতে চাইলে অর্ণব দৌড়ে পালিয়ে যান। পরে বিষয়টি ওই শিক্ষার্থী তার সহপাঠীদের অবহিত করেন এবং ফেসবুকে পোস্ট করেন।

পোস্টে একজনের ছবি যোগ করে তিনি লেখেন, এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেছে আমার ড্রেস ঠিক নাই ইত্যাদি…এরপর আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড় দিয়ে চলে যায়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.