এইমাত্র পাওয়া

মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন-সুবিধা চালুর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক।। মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন-সুবিধা চালুর প্রস্তাব করেছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা। রেশন হিসেবে চাল, ডাল, তেল, আটা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেওয়ার কথা বলেছেন তারা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উপলক্ষে ডিসি ও বিভাগীয় কমিশনারেরা জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত আলোচনায় এ রকম ২১টি প্রস্তাব দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত কার্য অধিবেশন হওয়ার কথা রয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনার এবং গোপালগঞ্জ ও জয়পুরহাটের জেলা প্রশাসক প্রশাসনের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য রেশন–সুবিধা চালুর প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের যুক্তি হিসেবে বলা হয়েছে, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন বাহিনীর মতো দুর্যোগকালসহ যেকোনো পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে দিনরাত নিরলসভাবে কাজ করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো বেসামরিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা রেশন–সুবিধা পেলেও মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের এ সুবিধা নেই। রেশন–সুবিধা দেওয়া হলে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে এবং অর্থনৈতিক বৈষম্য লাঘব করা যাবে। তাই মাঠ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন–সুবিধা চালুর উদ্যোগ গ্রহণ করা যাতে পারে। রেশন হিসেবে চাল, ডাল, তেল, আটা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেওয়ার কথা বলা হয়েছে।

অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের রেশনের পাশাপাশি ঝুঁকি ভাতার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন জয়পুরহাটের জেলা প্রশাসক। আর অতিরিক্ত দায়িত্ব ভাতা বৃদ্ধির প্রস্তাব করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক।

পার্বত্য জেলাগুলোতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাসিক পাহাড়ি ভাতা যৌক্তিক হারে বাড়ানোর প্রস্তাব করেছেন তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকেরা।

বর্তমানে ডিসি, অতিরিক্ত জেলা প্রশাসকদের বদলি ও পদায়নের কাজটি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে মন্ত্রণালয়। পরে বিভাগীয় কমিশনাররা ইউএনওদের বিভিন্ন উপজেলায় পদায়ন করেন। এখন অতিরিক্ত জেলা প্রশাসকের বদলি ও পদায়নের কাজটিও বিভাগীয় কমিশনারের হাতে ন্যস্ত করার প্রস্তাব দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক। আর স্থানীয় সরকারের উপপরিচালককে পদায়নের সময় জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) অধীন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের জন্য তিনটি প্রশিক্ষণ কোর্স যথাক্রমে বনিয়াদি (ফাউন্ডেশন) কোর্স, সার্ভে সেটেলমেন্ট কোর্স এবং আইন-প্রশাসন কোর্সকে সমন্বয় করে এক বছর মেয়াদি কোর্স করার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। এ ক্ষেত্রে এই প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হওয়ার পর স্নাতকোত্তর ডিগ্রি দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।

শিক্ষাবার্তা /এ/১৭/০২/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading