নিজস্ব প্রতিবেদক।। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা গতকাল শনিবারও অবস্থান কর্মসূচি পালন করেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দশম দিনের মতো অবস্থান নিয়ে তাদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া আজ রবিবার শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনরতরা।
আন্দোলনকারী তালুকদার পিয়াস বলেন, রাতে তারা প্রেস ক্লাবে অবস্থান নেবেন। ‘নারী প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ’ ও ‘নিয়োগ নিশ্চিতের’ দাবিতে আজ রবিবার শাহবাগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানিয়ে পিয়াস বলেন, ‘এ মহাসমাবেশে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সব প্রার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।’ নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের আরেক নেতা মুজিবুর রহমান বলেন, ‘সর্বোচ্চ আদালত থেকে কোটা পুনর্নির্ধারণ করার আগে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা হয়েছে। সরকার আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে আমাদের নির্বাচিত করেছেন। হাইকোর্ট যে রায় দিয়েছে তা বৈষম্যমূলক।’
এদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের
দেওয়া রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত বৃহস্পতিবার এ আবেদন করেছে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন জানান। আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের শুনানি হতে পারে। ‘সড়ক না আটকানোর’ ঘোষণা দিয়েও গত বৃহস্পতিবার দুপুরে প্রার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন। পরে পুলিশ লাঠিচার্জ ও জলকামান প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল।
শিক্ষাবার্তা /এ/১৬/০২/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
