নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই এ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
সোমবার (১৬ সেপ্টেম্বর) শাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে বলা হয়, শাবি ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে কাউকে ভিসি পদে পদায়ন কোনোভাবে কাম্য ও গ্রহণযোগ্য হবে না।
শাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট অঞ্চলের উচ্চ শিক্ষার প্রধান বিদ্যাপীঠ। তিন দশকের বেশি সময় আগে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় অত্র অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সংগ্রাম ও দাবি-দাওয়ার ফসল।বিশ্ববিদ্যালয়টি শুরু থেকে সিলেট অঞ্চলসহ সারা দেশের উচ্চশিক্ষার বিকাশে অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছে। অত্র বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক পূর্ন কর্মজীবন শেষে অবসর গ্রহণ করাসহ বর্তমানে ৫০০ এর অধিক সংখ্যক শিক্ষক বিভি ন্নস্তরে কর্মরত আছেন। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক গ্রেড-১ অধ্যাপক পদে থাকার পরও সূচনালগ্ন থেকে অদ্যাবধি শাবিপ্রবিতে পূর্ণকর্মকাল দায়িত্ব পালন করা কাউকে ভিসি পদে নিয়োগ প্রদান করা হয়নি। পূর্বে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি পদে নিয়োগ প্রদান করার মাধ্যমে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ও সম্মানের প্রতি এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। শাবি ছাড়া অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক ভিসি হওয়া এবং তাঁদের পক্ষে বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে আপন করে নিতে না পারার কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিভিন্ন সময় মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় পরবর্তী সময়ে শাবিপ্রবিসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসররা পদত্যাগ করতে বাধ্য হয়। বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করে শিক্ষার কার্যক্রম সচল করা হলেও শাবিপ্রবিতে এখনও কোন নিয়োগ প্রদান করা হয়নি।
এমতাবস্থায় শাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শাবিপ্রবির শিক্ষাকার্যক্রম, সম্মান বৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে শাবিপ্রবিতে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে ভিসি হিসেবে নিয়োগ প্রদান করার দাবি জানাচ্ছে যে, তিনি হবেন সৎ, দক্ষ, বৈষম্যবিরোধী ও বিগতছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সহযোগী।এমন অধ্যাপক হবেন যার অতীত কর্মকাণ্ড নিয়ে নেই কোন বিতর্ক এবং তিনি হবেন দলমত নির্বিশেষে সকল শিক্ষক-শিক্ষার্থীবান্ধব। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহলকে শাবিপ্রবির সার্বিক পরিস্থিতি বিবেচনাপূর্বক অতিসত্ত্বর ভিসিসহ অন্যান্য গুরুত্বপূর্ণপদে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ প্রদান করার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। এক্ষেত্রে শাবি ছাড়া অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে কাউকে পদায়ন কোনভাবে কাম্য ও গ্রহণযোগ্য হবে না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল