মতিঝিল আইডিয়াল স্কুল অধ্যক্ষের বেতন বন্ধের নির্দেশ

এ বছর জানুয়ারিতে ভর্তি পরীক্ষার খাতা জালিয়াতি ও ঘষামাজার দায়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের বেতন-ভাতা নভেম্বর থেকে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার এমপিওভুক্তিও স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৩ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের নির্দেশ পেয়ে মাউশি থেকে এরই মধ্যে আইডিয়াল স্কুলের অধ্যক্ষের বেতন-ভাতা স্থগিতের আদেশ জারি করা হয়েছে। জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক সমকালকে বলেন, সরকারি তদন্তে ভর্তি পরীক্ষার খাতায় জালিয়াতির অভিযোগ প্রমাণ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমের এমপিও স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তার বেতন-ভাতা স্থগিত থাকবে।

মাউশির সহকারী পরিচালক আবদুল কাদের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ২০১৮ শিক্ষাবর্ষে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রমাণ হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, আমার এমপিও স্থগিতের নির্দেশনা জারির আগে জবাব দাখিলে শোকজ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এ নির্দেশনা জারি করা হলেও বিলম্বে তা বিদ্যালয়ে এসেছে।

জানা গেছে, চলতি বছরের তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার খাতায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন শ্যামলী শিমু নামের এক অভিভাবক। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসনকে তদন্তের দায়িত্ব দেয় মন্ত্রণালয়। জেলা প্রশাসনের তদন্তে ওই প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার খাতায় জালিয়াতির প্রমাণ মেলে। বিশেষ করে ২০১৮ সালের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তিতে উত্তরপত্রে ঘষামাজা করে এবং রাবার দিয়ে মুছে ভুল উত্তর শুদ্ধ করে লেখা হয়। এভাবে ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর অভিযোগের প্রমাণ পায় তদন্ত কমিটি। ঢাকা জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে জমা হয় এ বছরের ৮ আগস্ট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.