এক লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগে এক লাখ চার হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রায় দুই কোটি তিন লাখ মানুষের এ বিভাগে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম এখন আরো জোরদার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ জানান, রাজশাহী বিভাগে মোট ৩৯টি সংসদীয় আসনে আটটি জেলা, ৬৭টি উপজেলা, একটি সিটি করপোরেশন, ৬২টি পৌরসভা ও ৫৬৫টি ইউনিয়ন রয়েছে। ১৮ হাজার ১৫৪ বর্গকিলোমিটার আয়তনের এ বিভাগে মোট ভোটার এক কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। মোট ভোটকেন্দ্র পাঁচ হাজার ২৮৭টি। এর মধ্যে এক হাজার ৭৬৭টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত।

বিভাগীয় কমিশনার আরো জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। একই সময় রাজশাহী রেঞ্জ পুলিশ ৭৪টি আগ্নেয়াস্ত্র ও ৪৩৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় বৈধ চার হাজার ৫৯৪টি অস্ত্র জমা পড়েছে। নির্বাচনকালীন গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। মোতায়েন হওয়া এক লাখ চার হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের মধ্যে সেনা সদস্য ১০ হাজার, বিজিবি সদস্য চার হাজার ১২৩, রেঞ্জ পুলিশের ১৩ হাজার ৭৯৬, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই হাজার ৪০৫, র‌্যাবের এক হাজার ছয় এবং আনসারের ৭২ হাজার ৭৩৬ সদস্য রয়েছেন। প্রত্যেক সংসদীয় আসনে গড়ে দুই হাজার ৬৬৮ জন এবং প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন।

ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্তরভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে পাঁচ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসিটিভি এবং দুই হাজার ৩১৮টি বডি-ওর্ন ক্যামেরা স্থাপন করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের সমন্বয়ে বিভাগীয় পর্যায়ে কোর কমিটির মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং ও সার্বিক সমন্বয়ের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১০ ফেব্রুয়ারি থেকে জয়েন্ট অপারেশন সেল কার্যক্রম শুরু হয়েছে, যা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বলবত থাকবে। পাশাপাশি একটি মিডিয়া সেলও কাজ করছে। প্রতিদিন তিন থেকে চারবার নির্বাচনের হালনাগাদ তথ্য পিআইডি (তথ্য অধিদপ্তর)’র মাধ্যমে গণমাধ্যমে সরবরাহ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

শিক্ষাবার্তা /এ/১৫/০৩/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading