এইমাত্র পাওয়া

ভোটের দিন আবহাওয়া থাকবে ‘রোদ ঝলমলে’

নিজস্ব প্রতিবেদক।।

ভোটের দিন আবহাওয়া ‘রোদ ঝলমলে’ থাকবে-এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোরে কোথাও কোথাও ‘হালকা কুয়াশা’ থাকলেও বেলা বাড়ার পর সারাদিন রোদের দেখা মিলবে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আবহওয়ার পূর্বাভাস অনুযায়ী ভোটের দিন বৃহস্পতিবার সারাদিন দেশের বেশিরভাগ স্থানে রোদ ঝলমলে পরিবেশ বিরাজ করবে। ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে, তবে বেলা ৯টা বাজার পর থেকে সেসব স্থানেও সূর্যের দেখা মিলবে বলে আশা করা যায়। তাই বলাই যাচ্ছে, ভোটের দিন রৌদ্রোজ্জ্বল সুন্দর আবহাওয়া থাকবে।

সোম ও মঙ্গলবার নদী অববাহিকার কোথাও কোথাও ‘হালকা কুয়াশা’ ও বেলা বাড়ার পর রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল, সে কথা তুলে ধরে তরিফুল নেওয়াজ বলেন, ভোটের দিনের আবহাওয়া অনেকটা এরকম থাকবে। তবে দিনের তাপমাত্রা সামান্য কম হতে পারে।

ফেব্রুয়ারি মাসের আবহাওয়া পূর্বাভাসে এক বা দুই দিন বজ্রবৃষ্টি বা শীলাসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহওয়া অধিদপ্তর। তবে বৃহস্পতিবার দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানালেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ।

তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এক বা দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুক্রবার পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শিক্ষাবার্তা /এ/ ১০/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading