নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ভোট দেওয়ার তাগিদে বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাস ধরতে ঘরমুখো ভোটারদের ব্যস্ততা চোখে পড়ার মতো। অনেকেই পরিবার নিয়ে অপেক্ষা করছেন বাসের জন্য। আবার দল বেঁধে পিকআপে, ট্রাকে বাড়ির পথে চলেছে মানুষ। এর সঙ্গে অভিযোগ উঠেছেন যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ার।
আজ মঙ্গলবার সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন।
পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল বুধবার থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ।
এদিন রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সবাই এভাবে নিজ এলাকায় ছুটছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
এদিকে ঢাকা ছাড়াও গাজীপুরে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ বসবাস করেন। কর্মজীবী এই বিপুল সংখ্যক মানুষের স্থায়ী ঠিকানা গ্রামে, মফস্বল শহরে। তারা নিজ নিজ এলাকার ভোটার। গত ১৭ বছর ধরে ভোট দিতে না পারা বহু মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান, যা নির্বাচনী প্রচারের সময় স্পষ্ট হয়ে ওঠে।
জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ঘিরে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকরা পেয়েছেন ৪ দিনের ছুটি। এই সুযোগে ঢাকা ও গাজীপুরের অস্থায়ী ঠিকানার ভোটাররা তাদের স্থায়ী ঠিকানার পথে ছুটেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। তবে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটির ঘোষণা দিয়েছে সরকার।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর, ঢুলিভিটা, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, আমিনবাজার ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ঘরমুখো যাত্রীর চাপ।
শিক্ষাবার্তা /এ/ ১০/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল