এইমাত্র পাওয়া

নিয়োগ বোর্ড ঠেকাতে অপহরণ করা হয় শিক্ষককে

নিউজ ডেস্ক।। 

নিয়োগ বোর্ডের কার্যক্রম ঠেকাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েলকে অপহরণ করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। গত বুধবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে শিক্ষকের নিজ বাসার সামনে। সাহেদ তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আবার বাসায় পৌঁছে দেন। মাঝখানের এই প্রায় ৪ ঘণ্টা শরিফুল ইসলামকে একটি কক্ষে আটকে ভয়ভীতি দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, ছাত্রদল নেতা সাহেদ ঝিনাইদহ দায়রা জজ আদালতের সামনে চুয়াডাঙ্গা রোডের উত্তর পাশে তাঁর ব্যক্তিগত অফিস-সংশ্লিষ্ট দ্বিতল ভবনের একটি কক্ষে নিয়ে শিক্ষককে আটকে রাখেন। এ সময় শিক্ষকের ফোনও বন্ধ ছিল। পরে বিষয়টি জানাজানি হলে সাংবাদিকদের কাছে ঘটনা স্বীকার করতে বাধ্য হন সাহেদ। ওই শিক্ষকও বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর ২টার দিকে শরিফুল ইসলামের বাসায় থাকা অবস্থায় তাঁকে নিয়ে লাইভ করেন সাহেদ। এ সময় শিক্ষককে ভয়ার্ত অবস্থায় দেখা যায়।

এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয় এবং ওই শিক্ষককে ক্যাম্পাসে ফেরত আনার দাবিতে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে প্রক্টরিয়াল টিম তাঁকে ক্যাম্পাসে নিয়ে আসেন।
ভুক্তভোগী শিক্ষক শরিফুল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমি নিরাপদে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি।’
প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আমরা ওই শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করেছি। এখন তিনি নিরাপদ।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.