নিউজ ডেস্ক।।
সেনাসদরে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন -আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গতকাল ঢাকা সেনানিবাসের সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান ও মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধিদল পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো উঠে আসে।
সিলেটে নির্বাচন নিয়ে মতবিনিময় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে গতকাল সিলেটে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এর আগে তিনি সিলেট এরিয়া পরিদর্শন করেন।
মতবিনিময়কালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সেনাপ্রধান সিলেট জেলা প্ক্ষ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সিলেট বিভাগের সব জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় সেনাপ্রধান প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন। সিলেট এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর সামরিক সচিব; কমান্ড্যান্ট, এসআইএন্ডটি; জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া এবং সেনাসদর ও সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল