রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি ইলেকট্রনিক কার (ই-কার) চালু করা হয়েছে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য সালেহ হাসান নকীব। এতে অর্থায়ন করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ই-কারগুলো শুধু ক্যাম্পাসের ভেতর চলাচল করবে। আজ আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু হলেও গাড়ির ভাড়া এবং চলাচলের সময় এখনো নির্ধারণ করা হয়নি, তবে ভাড়া ৫ থেকে ১০ টাকার ভেতরে থাকবে।
উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, রুয়ার নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিসিএস পরীক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান থেকে শুরু করে এ ধরনের (ই-কার) পরিবহনব্যবস্থা চালু করা—এসব উদ্যোগ তাদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, ‘পর্যায়ক্রমে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ই-কারের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করা হবে। পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে, গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য রুয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সব সময় থাকবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমাদের যে ইশতেহার ছিল পরিবহনব্যবস্থার সহজীকরণ, সেটির ব্যাপারে রুয়ার কাছে দাবি জানিয়েছিলাম। রুয়া আজ সেটি বাস্তবায়ন করেছে। আশা করি, এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে রুয়ার সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দীন, কার্যকরী সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম (বুলবুল), রাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
