সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (শাকসু) তারিখ ঘোষণার দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা দিয়েছে শাবিপ্রবি শিক্ষার্থীরা। তালার দেওয়ার পর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে যান তারা
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাকসুর তারিখ ঘোষণা করে সংবাদ সম্মেলন করার কথা ছিলো উপাচার্যের। কিন্তু অজানা কারণে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই শাকসুর তারিখ ঘোষণার দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ‘প্রশাসন রিমেম্বার শাকসু ইন নভেম্বর’ ‘শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন’ ‘উই ওয়ান্ট শাকসু’ ‘নির্বাচন কমিশন গঠন করো- করতে হবে’ ‘সাস্টিয়ান সাস্টিয়ান- এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আজাদ শিকদার বলেন, ১০ তারিখ সংবাদ সম্মেলন করে নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট মহলের নির্দেশে তা স্থগিত করা হয়েছে। এতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছি।
এর প্রেক্ষিতে উপাচার্যের বাসভবনের সামনে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান।
এ সময় তারা আগামীকাল শুক্রবার বিকাল পর্যন্ত সময় চাইলেও শিক্ষার্থীরা তাদের অবস্থানে অটল থাকেন।
পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন শিক্ষার্থীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচন হওয়ার আশ্বাস দিলে তারা উপাচার্যের বাসভবন সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
