এইমাত্র পাওয়া

স্কুলের ক্লাস-অ্যাসেম্বলিতে ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরতে হবে

নিজস্ব প্রতিবেদক, 

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও অ্যাসেম্বলির সময়ে ধূমপান তথা তামাকের ক্ষতিকারক দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায়।

তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও অ্যাসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। তামাকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। ‌

‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা: তরুণ চিকিৎসকদের ভূমিকা ও প্রত্যাশা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

বিধান রঞ্জন রায় বলেন, তামাকমুক্ত সমাজ গঠনে জনমত ও জনসচেতনতা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। একজন ধূমপায়ী চিকিৎসক রোগীকে ধূমপানে বাধা দিলে তিনি গ্রহণ করবেন না। তাই চিকিৎসকদের ধূমপান পরিহার করতে হবে‌।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মসূচি পরিচালক মোমেনা মনি, ঢাকার বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, সিটিএফকে, বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.