নিজস্ব প্রতিবেদক,
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমলাতন্ত্র জেঁকে বসেছে অভিযোগ তুলে দ্রুত সব ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চলমান সংশোধিত প্রবিধানমালার কিছু ধারা-উপধারা নিয়ে হাইকোর্টে একাধিক রিটের পরিপ্রেক্ষিতে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আমলাতন্ত্র জেঁকে বসার প্রেক্ষিতে এ দাবি জানান তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান নিরপেক্ষ সরকারের অধীনে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তথা স্কুল, কলেজ, মাদরাসায় বার্ষিক পরীক্ষার আগে (৩০ নভেম্বরের মধ্যে) ছুটির দিনে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন দিতে হবে।
এতে বলা হয়, বর্তমান সব কমিটি ভেঙে দিতে হবে এবং জেলা প্রশাসককে একক ক্ষমতা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে কমিটির নির্বাচন সম্পন্ন করতে হবে। সরকারি ছুটির দিনে নির্বাচন আয়োজন করলে শিক্ষা কার্যক্রমে কোনো ক্ষতি হবে না এবং শ্রেণির কার্যক্রম বন্ধ করার প্রয়োজন হবে না।
অভিভাবক ঐক্য ফোরামের নেতারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে মনোনয়নের পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সব অভিভাবক শিক্ষক-কর্মচারীর সরাসরি ভোটে সভাপতি পদে নির্বাচন দিতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল