এইমাত্র পাওয়া

তিন দাবিতে রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

রাজশাহীঃ বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজনের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে বিভাগের ভবনে তালা ঝুলিয়ে এই শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থী। পরে তারা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর আগে দুপুর দেড়টার দিকে তারা তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও জমা দেন।

এসময় তারা, ‌‘সাইকোলজির আধিপত্য, মানি না মানবো না’, ‘এক দুই তিন চার ডিপার্টমেন্টে তালা মার’, ‘বৈষম্য নিপাত যাক, সিন্ডিকেট মুক্তি পাক’, ‘সাইকোলজির আধিপত্য ভেঙে দাও গুড়িয়ে দা ‘ সহ বিভিন্ন স্লোগান দেন।

একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুমন আলী বলেন, আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা আজ এখানে অবস্থান নিয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বিভাগ চালু করতে দেবো না। ২০২৫ সালের নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমরা লক্ষ্য করেছি-২০২৩ সালের নিয়োগ সার্কুলারের অর্ডিন্যান্স পরিবর্তন করে কেবল সাইকোলজি বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ সাম্প্রতিক সাইকোলজি বিভাগের শিক্ষক নিয়োগে ক্লিনিক্যাল সাইকোলজি থেকে কাউকেই নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, আমরা আমাদের দাবি আদায়ের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। যদি এই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবো। এসময় বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.