ঢাকাঃ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে থাকা শূন্যপদের ৮ গুণ প্রার্থীকে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করানোর দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রার্থী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে এ দাবি জানান তারা।
বিজ্ঞপ্তি অনুযায়ী-ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। শূন্যপদের ৮ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হলে ২৯ হাজার ৫০৪ জনকে প্রিলিতে পাস করাতে হবে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিগত কয়েকটি বিসিএসে সুপারিশের সময় নানা জটিলতা দেখা গেছে। এতে বিসিএসে নিয়োগ কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। অনেক ক্ষেত্রে শূন্যপদ পূরণে যোগ্য প্রার্থী পেতে সংকটে পড়ছে পিএসসি। ৪৭তম বিসিএসের নিয়োগে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে অন্তত ৮ গুণ প্রার্থীকে প্রিলিতে উত্তীর্ণ করানো সমীচীন হবে। সেটা সম্ভব না হলেও কমপক্ষে ২০ হাজার প্রার্থীকে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়া উচিত হবে।
চাকরিপ্রার্থীরা স্মারকলিপিতে বিগত কয়েকটি বিসিএসের প্রিলিতে শূন্যপদের কতগুণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়েছে, তাও উল্লেখ করেছেন। তাতে দেখা যায়, ৪০তম বিসিএসে প্রায় ১১ গুণ, ৪১তম বিসিএসে প্রায় ১০ গুণ, ৪৩তম বিসিএসে প্রায় ৯ গুণ, ৪৪তম বিসিএসে প্রায় ৮ গুণ এবং ৪৬তম বিসিএসে ৭ গুণেরও বেশি প্রার্থীকে পাস করানো হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জাগো নিউজকে বলেন, ‘কেউ কমিশনে স্মারকলিপি দিয়েছে কি না, তা আমি অবগত নই। পিএসসির বিধিতে এ নিয়ে কিছু উল্লেখও নেই। কমিশন পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।’
তিনি বলেন, ‘কখনও দেখা যায়, কাটমার্কস ০.৫০ বেশি ধরলে ১০ হাজারের জায়গায় ১৮ হাজার হয়ে যাচ্ছে। তখন তো এত প্রার্থীকে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার অবস্থা থাকে না। সেজন্য কত প্রার্থীকে প্রিলিতে পাস করালে, শূন্যপদ পূরণে কোনো সংকট হবে না, তা বুঝে কমিশন সিদ্ধান্ত নিয়ে থাকেন।’
১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নিতে আবেদন করেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে পিএসসি প্রিলির ফল প্রকাশ করার ঘোষণা দিয়েছে।
২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
