এইমাত্র পাওয়া

ফরিদপুরের নগরকান্দায় টিটিসি’র দুই শিক্ষকের বহিষ্কার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি, অর্থ আত্মসাৎ ও ঘুষ দাবির অভিযোগ তুলে দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একপর্যায়ে অধ্যক্ষর রুমে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে শিক্ষর্থীরা। পরে ইউএনও ও ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর (টিটিসি) দুই শিক্ষক নিশিত কুমার ও প্রদীপ কুমারের বহিষ্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে স্লোগান দেন।

প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা এবং অধ্যক্ষ অলোক কুমার সাহার কক্ষে তালা মেরে তাকে অবরুদ্ধ করে রাখেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক নিশিত কুমার ও প্রদীপ কুমার দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন। এছাড়াও তারা শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন সুবিধা দিতে ঘুষ দাবি করেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেন।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ অলোক কুমার সাহা বলেন, শিক্ষার্থীরা যে অভিযোগ তুলেছে, তা পুরোপুরি সত্য নয়। তবে যেহেতু অভিযোগ উঠেছে, তাই দুই শিক্ষককে আপাতত প্রতিষ্ঠান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। শিক্ষার্থীদের বক্তব্য শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা শান্ত হয় এবং অবরোধ তুলে নেয়।

২০২২ সালে নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। বর্তমানে ৫টি বিভাগে দেড় শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.