এইমাত্র পাওয়া

কুমিল্লায় উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া

কুমিল্লাঃ কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ প্রতিবেদনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদনগর উপজেলা সদরের ‘আল্লাহ চত্বর’ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীরা একটি টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। একই সময় উপজেলা ছাত্রদলও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও গ্রেপ্তারের’ প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়। দুই মিছিল কাছাকাছি আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু হলে কমপক্ষে ১৫ জন আহত হন।

‘নাগরিক সমাজ’-এর আহ্বায়ক মিনাজুল হক বলেন, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। বিএনপির কর্মীরা শত শত ইট-পাটকেল ছুঁড়ে আমাদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচির বিপরীতে উপদেষ্টা আসিফের লোকজন ইচ্ছে করে পাল্টা কর্মসূচির নামে সংঘর্ষ বাধায়। তারা আমাদের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালায়। ঘটনায় আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, ৪ জনের অবস্থা গুরুতর।

মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান বলেন, বিক্ষোভ চলাকালে হঠাৎ করে ইট-পাটকেল ছোঁড়ার ঘটনা ঘটলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত চলছে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading