বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান

ঢাকাঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।

সোমবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ২০১৩ সালের জাতীয়করণ ঘোষণার আওতায় বাদ পড়ে প্রায় ৫ হাজার শিক্ষক।

সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ খোকন জানান, ২০১৩ সালের ২৭ মে প্রকাশিত গেজেট অনুযায়ী ৩০ হাজার ৩৫২টি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসার কথা থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। বঞ্চিত এসব বিদ্যালয় যদিও উপজেলা ও জেলা টাস্কফোর্স কমিটির সুপারিশে জাতীয়করণের উপযুক্ত বিবেচিত হয় এবং তা মন্ত্রণালয়ে পাঠানোও হয়, কিন্তু এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

দাবি জানিয়ে মামুনুর রশিদ খোকন বলেন, আমাদের ন্যায্য দাবির বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এখন প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ ছাড়া সমাধান দেখছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলমান থাকবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.