এইমাত্র পাওয়া

শিক্ষককে আটকে রেখে হে-ন-স্তা: ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আবাসিক হলের সিট ইস্যুতে শিক্ষককে আটকে রেখে হেনস্তার ঘটনায় ঢাকা কলেজের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন- কলেজ শাখার সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান কর হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সম্প্রতি হলের সিট বরাদ্দে সুষ্ঠুভাবে নীতিমালা প্রতিপালন, মেধা ও আর্থিক অসচ্ছলতাকে প্রাধান্য দিয়ে স্ব স্ব বিভাগের ভিত্তিতে মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে কলেজের আবাসিক হলে বৈধ শিক্ষার্থীদের সিট বরাদ্দের প্রক্রিয়া চালু করেছে প্রশাসন।

এরই মধ্যে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আবাসিক হলের পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী সিট না পাওয়ায় সাউথ হলের প্রভোস্ট অধ্যাপক আনোয়ার মাহমুদকে আটকে রেখে হেনস্তার অভিযোগ উঠে। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে সমালোচনার মুখে পড়ে সংগঠনটি।

এ ঘটনায় ফেসবুকে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, একদল তরুণ বারবার শিক্ষকের দিকে তেড়ে যাচ্ছেন। হাত ধরে টানাটানি করছে। উত্তেজিত কণ্ঠে শিক্ষককে মারতে যাচ্ছে কয়েকজন। একপর্যায়ে ওই শিক্ষককে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.