এইমাত্র পাওয়া

সুখবর পেলেন মাদরাসা শিক্ষকরা, এমপিওভুক্ত হচ্ছেন ৫৫৪জন

এমপিওভুক্ত হচ্ছেন আলিয়া মাদরাসার ৫৫৪ জন শিক্ষক-কর্মচারী। এছাড়া প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছেন ২৬ জন। বদলি (ইনডেক্সধারী শিক্ষকদের অন্য প্রতিষ্ঠানে চাকরি) রয়েছে ৬৭ জনের। আজ সোমবার (২৫ নভেম্বর) মাদরাসার শিক্ষক-কর্মচারিদের নভেম্বর মাসের এমপিও প্রদানের বিষয়ে অনুমোদন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অধিদপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ। প্রথমবারের মতো মাদরাসার জন্য আলাদা এমপিওর সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও অংশ নেন।

জানা গেছে, সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও (বকেয়াসহ), বিএড স্কেল, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের অভিজ্ঞতার জন্য উচ্চতর স্কেল,সহকারী অধ্যাপক পদের স্কেল, এমপিও, বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং তৃতীয় ও চর্তুর্থ শ্রেণির কর্মচারিদের এমপিও বিষয় নিয়ে আলোচনা হয়।

গত ২২ অক্টোবর মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এমপিওর আবেদন অনুমোদনে নতুন এমপিও কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। আর প্রতিমাসে অন্তত: একটি সভা করে বেতন-ভাতা প্রাপ্তির আবেদনগুলো পর্যালোচনার মাধ্যমে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের নতুন মেমিস সফটওয়ারে এমপিওভুক্ত করতে কমিটিকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। তাই এখন থেকে প্রতিমাসেই এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষক-কর্মচারীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.